সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করবো: রাগীব রউফ চৌধুরী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করবো: রাগীব রউফ চৌধুরী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

নিজ সংবাদ ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির আয়োজনে ধলসা বাজারে এই পথসভায় ইউনিয়ন বিএনপির শত শত নেতা কর্মি অংশ গ্রহন করেন। পথ সভায় বক্তৃতাকালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দেবেন এবং উন্নয়নের অংশীদার হবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই ধলসা বাজারের পাশেই অবস্থিত যে মাদ্রাসাটি রয়েছে, তা আমার বাবা মরহুম আব্দুর রউফ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সেটিকে এমপিওভুক্ত করে গেছেন। এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। কারণ এই গ্রামই আমার বাপ-দাদার ভিটা-মাটি, আমার শেকড়। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আরও বলেন, আপনারা যদি এ বার আমাকে সুযোগ দেন, তাহলে আমি আপনাদের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করবো। এই গ্রাম ও এই এলাকার প্রতি আমার দায়িত্ব অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি। তাই আপনারা আমাকে সেই সুযোগটি তৈরি করে দেবেন এই প্রত্যাশা রাখি।