বিশেষ প্রতিনিধি ॥ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকালে জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তৃতাকালে স্টক করে ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সে সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন,আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক শূরা সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রিয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলার হুসাইন, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াতের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের জামায়াতের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমীর এনামুল হকসহ দলের নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনাসহ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ডা. মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না। এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের প্রথম জানাজা তাঁর নিজ গ্রাম ভেড়ামারা গোলাপনগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজার নামাজ আজ (২০ জানুয়ারি) সকাল ৯ টায় কুষ্টিয়া চাদাগাড়া ঈদগাহ মাঠে এবং পরে বেলা ১১.৩০ মিনিটে মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
