সময়োপযোগী পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সময়োপযোগী পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা শাখা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আজ স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেছে।

অথচ এই দীর্ঘ সময়ের পরও যদি দেশের সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়, তাহলে তা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য চরম ব্যর্থতারই প্রতিচ্ছবি। সরকারি কর্মচারীরা কোনো দয়া বা অনুগ্রহ চান না। তারা চান তাদের ন্যায্য অধিকার—একটি সময়োপযোগী ও ন্যায্য পে-স্কেল, যা তাদের জীবনযাত্রার ব্যয়, দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘদিন ধরে এই দাবি উপেক্ষিত থেকে যাওয়ায় আজ তারা বাধ্য হয়েছেন আন্দোলনে নামতে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখনই সময় এই যৌক্তিক দাবি বাস্তবায়নের। আর দেরি নয়, আর আশ্বাস নয়—এখন প্রয়োজন কার্যকর সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন। এই প্রেক্ষাপটে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।দেশের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে কাজ করা সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।