সব ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস ও পরিবারের সহযোগিতা প্রয়োজন: নীলুফা ইয়াসমিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সব ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস ও পরিবারের সহযোগিতা প্রয়োজন: নীলুফা ইয়াসমিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ নারী একটু সুযোগ সুবিধা পেলে অসম্ভব কাজকেও সম্ভব করে তুলতে পারে। সব ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস ও পরিবারের সহযোগিতা প্রয়োজন, তবেই নারী সামনে এগিয়ে যাবে। গতকাল রবিবার (৮ মার্চ) হোটেল তাজ-ইনের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কুষ্টিয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ এর আলোচনা সভায় আলোচকের বক্তব্যে এসব কথা বলেন নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪ -এর ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলা। তিনি তার আলোচনায় কুষ্টিয়া জেলা থেকে প্রথম জাতীয় দলের নারী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার অভিজ্ঞতা উপস্থাপন করেন।

তিনি আরও জানান তার কোচের মাধ্যমে তিনি ভালো ফুটবলার হয়ে উঠেছেন। বর্তমানে তিনি খেলাধূলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, ইয়ুথ এ্যানগেজমেন্ট ও সার্পোট (ইয়েস) গ্রুপের সদস্য ও কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রিয়তা আক্তার। ড. সরওয়ার মুর্শেদ বলেন, নারী তার ন্যায্য বেতন থেকে বঞ্চিত।

একটি পরিবারে নারী সমঅধিকার পায় না, প্রত্যেক নারীকে পড়ালেখা শেষ করে, চাকরি করে তারপর বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। মমতাজ আরা বেগম বলেন, পশু শক্তি আমরা চাই না, আমরা চাই মানবিকতা। সুন্দর সমাজ গড়তে প্রত্যেক পরিবারকে মানুষ গড়ার কারখানা তৈরি করতে হবে। প্রিয়তা আক্তার বলেন, নারীর সবচেয়ে বড় অনুপ্রেরণা তার পরিবার। নারী তার অদম্য ইচ্ছা শক্তি থেকেই প্রতিবন্ধকতা দূর করতে পারে। সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, মেয়েদেরকে চয়েস, চান্স ও চেঞ্জ এই তিনটি বিষয়কে কাজে লাগাতে হবে। তাদেরকে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন সনাক সদস্য রফিকুল আলম, জহুরুল হক চৌধুরী, এনজিও দিশার প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন্নাহার, ব্লাস্ট-এর প্যারালিগ্যাল শেখ ইসতিয়াক বকস্, শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অ্যাডমিন লাল মিয়া, এফপিএবি’র জেলা কর্মকর্তা কায়সার আলী সৈকত, সেতুর সমন্বয়কারী মোসা. নাজমুন্নাহার, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার তামজিদা জান্নাতি, ব্র্যাক-এর কোঅর্ডিনেটর মোঃ আল মাছুর রহমান প্রমূখ। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সনাক সদস্য মিজানুর রহমান লাকী, তারিকুল হক তারিক, শাহরিয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকনসহ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যবৃন্দ।