বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার বিভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে কুষ্টিয়ায় ত্যাগী বিএনপির নেতারা মতবিনিময় করেছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নিজ বাস ভবনে ঘরোয়া পরিবেশে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। জেলা বিএনপি সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু ও আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবির, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল আওয়াল প্রমূখ। এছাড়া জেলা, উপজেলা ও শহর পর্যায়ের ত্যাগী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সভায় দলীয় ঐক্য সুসংহত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দলের ভেতরের সকল বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক।
আগামী দিনে তার সুযোগ্য সন্তান বিএনপির নবাগত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সু-শৃংখল দেশ গড়ায় অংশ নিতে হবে। এছাড়া ধানের শীষের প্রার্থীর পাশে থেকে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে ধানের শীষের কান্ডারী এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, আজ তাদের নিয়েই সামনে এগোতে চাই। ব্যক্তিগত মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা সবাই এক। আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে কুষ্টিয়াকে আন্দোলনের শক্ত ঘাঁটিতে পরিণত করতে ত্যাগী নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির নবাগত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামত, সুন্দর বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করার আহব্বান করেন।
