বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেনসহ উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও তৃনমুল পর্যায়ের বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “সকল ভুল বোঝাবুঝি ও ব্যক্তিগত বিভেদ ভুলে আমাদের এখন একটাই লক্ষ্য’ ধানের শীষ’কে বিজয়ী করা। এই লড়াই শুধু একজন প্রার্থীর নয়, এটি আমাদের সবার লড়াই, গণতন্ত্রের লড়াই, অধিকার ফিরিয়ে আনার লড়াই।
‘ধানের শীষ’ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও পরিবর্তনের প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। প্রতিটি নেতাকর্মীই এ সংগ্রামের সৈনিক। কেউ একা নয়, সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের সামনে যত বাধা-প্রতিকূলতাই আসুক, আমরা পিছিয়ে যাব না। জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। সেই দাবিকে শক্তিশালী করতে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের ব্যর্থতা, তাদের দুর্নীতির বিষয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে। জনগণের আস্থা ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সকলে ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি সকল নেতাকর্মীকে ধৈর্য, সাহস ও শৃঙ্খলার সঙ্গে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয় নয়, জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া। সভায় উপস্থিত অন্যান্য নেতারা বলেন, বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ তাই তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
