বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ভেজাল ও অস্বাস্থ্যকর গুড়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুড় জব্দ করে তা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কুষ্টিয়া পৌরসভার বটতৈল মোড় এলাকায় স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাজারে নিম্নমানের ও ভেজাল গুড় সরবরাহের অভিযোগ ছিল।
গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসীর সন্দেহ হলে একটি গুড়বোঝাই গাড়ি আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে কুষ্টিয়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান। ঘটনাস্থলে গুড় পরীক্ষা-নিরীক্ষা করে তা ভেজাল ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করা হয়।
এ সময় জনস্বার্থ বিবেচনায় তাৎক্ষণিকভাবে জব্দকৃত গুড় ধ্বংসের নির্দেশ দেন তিনি। পরে জব্দকৃত গুড় কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে নিয়ে গিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। জানা যায়, জব্দকৃত গুড় খোকসা উপজেলার ‘মেসার্স দিলীপ ট্রেডার্স’-এর মালিকানাধীন। প্রতিষ্ঠানটির মালিক দিলীপ বিশ্বাস ষষ্ঠী। গুড়বাহী গাড়ির চালক মো. আক্তার (৪৫) গুড়ের মালিকানা নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও ভেজাল গুড় উৎপাদনের অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছিল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান বলেন, “ঘটনাস্থলে এসে দেখা যায়, গুড়গুলো ভেজাল ও অস্বাস্থ্যকর। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তা ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা ভেজালবিরোধী অভিযানে প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
