বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় হোসেনিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শহরের বারখাদা হোসেনিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার স্বত্বাধিকারী আবুল হোসেন, সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি। এছাড়া মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামসহ সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী আমাদের দেশমাতা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাবান্ধব ছিলেন। তার সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমানও শিক্ষাবান্ধব রাজনীতিতে বিশ্বাস করেন। বিএনপি সবসময় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, যে কোন শিক্ষাঙ্গন থেকেই গড়ে ওঠে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ।
তোমরা যারা আজ সম্মাননা পাচ্ছ, তারা শুধু নিজেদের নয়, তোমাদের পরিবার, প্রতিষ্ঠান ও জাতির মুখ উজ্জ্বল করেছ। শিক্ষা ও নৈতিকতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না।জ্ঞান তখনই পরিপূর্ণ হয়, যখন তা মানুষের কল্যাণে কাজে আসে। তোমাদের মেধা ও সততা দিয়ে আগামীর বাংলাদেশকে আলোকিত করবে—এই প্রত্যাশা রাখি। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র মরহুম আরাফাত রহমান কোক’র আত্মার মাগফিরত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
