বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন রোড এক্সিডেন্ট প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রাস্তার দুই পাশের জমে থাকা বালি দ্রুত সরাতে হবে এবং অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার। একে সুন্দর ও নিরাপদ রাখার দায়িত্বও আমাদের সবার। যারা নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করছেন, তাদের অবশ্যই পুরস্কৃত করতে হবে। এতে অনুপ্রেরণা বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে।সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, সরিষা, পেঁয়াজ ও মৌ চাষে কৃষকরা ভালো সাফল্য অর্জন করছেন।
বিশেষ করে মৌ চাষিরা দিন-রাত পরিশ্রম করে কাজ করছেন উল্লেখ করে তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন, সিভিল সার্জন ডা. শেখ মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন। এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
