রাসেল ভাইপার মেরে ব্যাগে বাড়িতে আনল কুমারখালীর দুই শিশু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাসেল ভাইপার মেরে ব্যাগে বাড়িতে আনল কুমারখালীর দুই শিশু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৫, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ চরে খেলা করতে গিয়ে কলাক্ষেতে প্রায় সাড়ে তিন ফিট লম্বা এক রাসেল ভাইপার সাপ দেখতে পাই দুই শিশু। সেসময় সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসে তারা। পরে স্থানীয়রা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ঝোরে ফেলে দেয় সাপটিকে ।

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর চরে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌণে ৪ টার দিকে ঘটে এ ঘটনা। ওই দুই শিশুরা হল – জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মো. ইকরামুলের ছেলে ইমন (১৩)।

সে দয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। অপরজনের নাম মো. সিফাত। সে একই এলাকার মো. আজাদের ছেলে। এবিষয়ে সিফাত ও ইমন বলে, তারা চরে ফুটবল খেলতে গিয়েছিল। সেসময় কলাগাছের সঙ্গে একটি সাপ পেঁচিয়ে থাকতে দেখে তারা। এরপর তারা সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে একটি প্লাসটিকের ব্যাগে ভরে বাড়ি নিয়ে আসে। পরে স্থানীয়রা ব্যাগের ভিতরে কি জানতে চাইলে তারা বলে রাসেল ভাইপার সাপ।

এরপর স্থানীয়রা সাপটিকে ঝোরে ফেলে দেন। স্থানীয় গৃহিণী সেতু খাতুন জানান, সিফাত ও ইমন নামের দুই শিশু একটি রাসেল ভাইপার সাপ মেরে ব্যাগে করে বাড়িতে এনেছিল। পরে তারা সাপটিকে ঝোরে ফেলে দিয়েছে। তার ভাষ্য, এলাকায় রাসেল ভাইপারের উৎপাত বেড়েছে। এতে আতঙ্কিত মানুষ।

ঘটনাটি জানেন না উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুর রহমান। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, দুই শিশু মিলে একটি রাসেল ভাইপার সাপ মেরেছে বলে জানতে পেরেছি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।