বিশেষ প্রতিনিধি ॥ রমজান মাসে ‘কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না’ এমন নির্দেশ দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মসিউল আজমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। এর আগে, গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ওইদিন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বাজার পরিদর্শনে গেলে তার সঙ্গে ছিলেন মসিউল আজম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদাপোশাকে থাকা ওই কর্মকর্তা এক চা দোকানির দিকে আঙুল তুলে কড়া ভাষায় নির্দেশ দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ওই যে ক্যারাম খেলতেছে। আমি বন্ধ করে দিছি কিনা? কেন চলল? আমি সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না তারাবির একমাস কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না। কেন চলল?” এ কথা বলে তিনি ক্যারাম বোর্ডের দিকে দ্রুত এগিয়ে যান। এ সময় পাশে থাকা সংসদ সদস্য আমির হামজা বলেন, “রমজান মাস ইবাদতের মাস। যাই করবেন, নামাজের সময় যেন এইসব না করেন।” ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনেকেই প্রশ্ন তোলেন, আইনগতভাবে এমন নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনো পুলিশ কর্মকর্তার আছে কি না। সমালোচনার মুখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় বিভাগীয় তদন্ত বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
