বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কিত, কুষ্টিয়া পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে, গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সার্বিক সঞ্চালনা করেন সদস্য সচিব জিল্লুর রহমান জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয় আব্দুল মাজেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন প্রমূখ।
এতে পৌর যুবদলের সকল ইউনিটির নেতাকর্মী অংশ নেয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে ইতিমধ্যে অবগত করা হয়েছে। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তার মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে সকল বিষয় তুলে ধরা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ সুবিধা, যুবকদের জন্য শিল্প কলকারখানায় কর্মসংস্থান নিশ্চিত করা হবে। যারা লেখা-পড়ায় বেশি পারদর্শী না, তাদেরকে টেকনিক্যালভাবে ট্রেনিং এর মাধ্যমে, যেমন বিদেশি ভাষা, জাপানি-কোরিয়ান, এই দুটি ভাষা শিখলেই কোন রকম যোগ্যতা ছাড়াই, ওই দুটি দেশে চাকরি পাওয়া যাবে। এই দুটি দেশের ভাষার জন্য বিভিন্ন স্থানে ইনস্টিটিউট করবো, আমাদের দলের নীতিনির্ধারন করা হবে। আমরা চাই যুবকরা একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।
