বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের আমলা পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের আমলাপাড়া কালিমন্দির মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সঞ্চালনা করেন যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে হাজারো নারী-পুরুষ অংশ নেয়।
এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার মানষিকতা তৈরী করুন। কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই।
এছাড়া প্রধান বক্তা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের নামে রাষ্ট্রের প্রতিটি কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এ দেশ থেকে জনগন তাদের বিতারিত করেছে। দিনের ভোট রাতে কায়েম করে অবৈধ ভাবে ক্ষমতায় ছিলো। দেশে উন্নয়নের নামে দুর্নীতি করে দেশের অর্থ হরিলুট করেছে। তিনি আরো বলেন, দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। কৃষক, শ্রমিক, নারীসহ সকল মানুষের সমস্যা সমাধান হবে। কিভাবে গনতন্ত্র ফিরে আসবে সেটাই আমাদের লক্ষ্য। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
