বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এর নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিলিত হয়।
সেখান থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে একতারা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া বাবু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম টিপু, সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাধারণ সম্পাদক পিয়াসসহ দলীয় নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমাদের দলের নেতাকর্মীরা নিরাপদ নয়। একের পর এক হত্যাকান্ড হচ্ছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।
