মিরপুরে হত্যা মামলায় স্কুল শিক্ষকের নাম জড়ানোর প্রতিবাদে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে হত্যা মামলায় স্কুল শিক্ষকের নাম জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আমবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আসাদুল ইসলাম হত্যা মামলায় হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর নাম জড়িয়ে মিথ্যা মামলা করার বিরুদ্ধে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এক বিশাল মানববন্ধন করেছে। গতকাল বুধবার (১৪ আগষ্ট) বিকেলে হালসা বাজারে প্রায় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই সময় ও স্থানে আমবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নায়েব ও যুব দলের আহ্বায়ক জিয়াউর রহমান ওহিদের নামে আসাদুল হত্যার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন এবং সকল স্তরের জনগণের পক্ষ থেকে আরেকটি মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন-গত শুক্রবার (০৯ আগষ্ট) আমবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর পূত্র ছিট কাপড় ব্যবসায়ী আসাদুলের অর্ধগলিত মরদেহ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে এন্টনীর পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

যারা প্রকৃতভাবেই এই হত্যাকান্ডে জড়িত, তদন্ত করে প্রকৃত আসামীদের খুজে বের করে শাস্তি নিশ্চিত করা হোক সেটা আমরা চাই। কোন নিরীহ মানুষ যাতে হয়রানি না হয়, সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে,এটা আমাদের দাবি। কিন্তু আশ্চর্যজনকভাবে এ মামলায় হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, আমবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নায়েব ও যুব দলের আহ্বায়ক জিয়াউর রহমান ওহিদের নাম ষড়যন্ত্রমূলকভাবে জুড়ে দেয়া হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ব্যপার।

আমরা অবিলম্বে তাদের নামে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, নতুবা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবো। উল্লেখ্য যে,গত ০৫ আগষ্ট রাতে আসাদুল নিখোঁজ হয় এবং ০৯ আগষ্ট দুপুরে তার লাশ পাওয়া যায়। পরে এ ঘটনায় ২৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।উক্ত হত্যা মামলায় হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, আমবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নায়েব ও যুব দলের আহ্বায়ক জিয়াউর রহমান ওহিদের নাম আছে বলে জানা যায়।