মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মিরপুর পৌরসভা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন মিরপুরে রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষের জোগান দিতে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি বড় স্বস্তি।
যখন সরকারি বা বেসরকারিভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা হয়, তখন খোলা বাজারের সিন্ডিকেট বা অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের ওপর একটি প্রচ্ছন্ন চাপ তৈরি হয়, যা বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফি বলেন, দ্রব্যমূল্যের চাপে অনেক পরিবারই খাদ্যতালিকা থেকে প্রোটিন (দুধ, ডিম, মাংস) বাদ দিতে বাধ্য হয়। এই সাশ্রয়ী মূল্যের ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ন্যূনতম পুষ্টি বজায় রাখতে পারবে। সিয়াম সাধনার মাসে ভালো মানের খাবার খেয়ে ইফতার বা সেহরি করা মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে। এই কার্যক্রম সেই চাহিদাকে সম্মান জানাচ্ছে। এ কার্যক্রম ছুটির দিন ব্যতীত আগামী ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে। উল্লেখ্য গরুর মাংসের কেজি (প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে দেশী ষাঁড় গরুর মাংস) ৬৭০ টাকা, ডিম প্রতি হালি ৩৪ টাকা এবং দুধ প্রতি লিটার ৭০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।
