মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ নাসিম রেজা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপসহকারী পাট কর্মকর্তা রাশেদ আহমেদ, জাইকা কর্মকর্তা উত্তম কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। আলোচনা সভার পূর্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়।
