বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জীবন আলী নামের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কায়েশ আলীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কায়েশ আলী গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিস্ফোলণ মামলায় জেল থেকে ছাড়া পান। তাছাড়া তার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সময় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় অভিযোগ জানায় এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মো. জীবন আলী (৩৮) গত ১৭ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন।
এ ঘটনায় তিনি একই এলাকার মো. সিয়াম (২২), মো. আরিফুল (৪৫) ও মো. কায়েস আলী (২৮)-এর বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল এবং তার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। এ বিষয়ে তিনি পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ করেন। তবে তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন অভিযুক্ত সিয়াম,আরিফুল ও কায়েস লোহার রড, সাবল ও বাঁশের লাঠি নিয়ে জীবনের উপর হামলা করে ।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী আরও দাবি করেন, হামলার সময় অভিযুক্তরা তাকে ভবিষ্যতে খুন-জখমের হুমকি দেয় এবং বাড়ির কিছু অংশ ভাঙচুর করে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অভিযোগ পেয়েছি অভিযুক্ত যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
