মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে খাল থেকে আনুমানিক ৫ মাসের ভ্রূণের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী দোয়া পাড়ায় একটি শুকনো খাল থেকে আনুমানিক পাঁচ মাসের একটি ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ভ্রূণটি ভূমিষ্ঠ হওয়ার আগেই অবৈধভাবে ওষুধের মাধ্যমে নষ্ট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে কে বা কাহারা সেটি স্থানীয় একটি শুকনো খালের মধ্যে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে ভ্রূণটি কয়েকদিন আগেই এখানে ফেলা হয়েছে। ঘটনার দিন এলাকায় খেলতে থাকা কয়েকজন শিশু খালের ভেতরে পড়ে থাকা ভ্রূণটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় জমায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমলা পুলিশ ক্যাম্প ইনচার্জ তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ভ্রূণটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পুলিশ জানায়, এটি একটি স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা। কে বা কারা এই নৃশংস কাজের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
