মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জেলা বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট ও নির্বাচনী গান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা কৃষকদল এই উদ্যোগ গ্রহণ করেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা কৃষকদলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল প্রমূখ। কারিগরি সহায়তায় ছিলেন, টেকপিকস সল্যুশনস ও ডিজি মনিটাইজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের আহবায়ক মোমিনুল ইসলাম কাজিম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, খোকসা উপজেলা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মিরপুর কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট খায়রুজ্জামান, সদস্য সচিব আব্দুল খালেক, ভেড়ামারা কৃষক দলের আহবায়ক আব্দুল হান্নান, মিরপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রকিব হোসেন প্রমূখ।

এছাড়া বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ নেয়। এসময় জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ উদ্বোধনকালে বলেন, “এই ওয়েবসাইট কুষ্টিয়া জেলা বিএনপির যোগাযোগ ও সংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকতে চাই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিসের নির্যাতনে আমরা কোন প্রচার করতে পারি নাই। দেশের মানুষের স্বাধীনতাকে তারা হরণ করে রেখেছিলো। গত বছরে সকলে ঐক্যবদ্ধ হওয়ায় তাদের পতন হয়েছে। আমি বিশ্বাস রাখি আগামী নির্বাচনে জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কুষ্টিয়া জেলা বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী গানের মোড়ক উন্মোচন।

এছাড়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া জেলার মানুষ বিএনপির ইতিহাস, সংগ্রামের কথা মানুষ জানে। মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য গ্রামের সাধারণ মানুষ ও তরুণদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করা। তিনি আরো বলেন, আগামী দিনে ওয়েবসাইটে ভিডিও আর্কাইভ, লাইভ স্ট্রিমিং, কর্মসূচি নিবন্ধন এবং স্থানীয় সমস্যাবিষয়ক অভিযোগ ব্যবস্থাও যুক্ত করা হবে। এছাড়া নির্বাচনী গানটির মিউজিক ভিডিও সংশোধন করে সামাজিক মাধ্যমে প্রকাশের পরিকল্পনাও আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নেতারা জানান, ডিজিটাল প্লাটফর্মে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কুষ্টিয়া জেলা বিএনপির সকল সাংগঠনিক তথ্য, প্রেস বিজ্ঞপ্তি, কমিটির তালিকা, রাজনৈতিক কর্মসূচি, গণসংযোগ কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে যাবে। ওয়েবসাইটটি কেবল দলীয় কার্যক্রমের আপডেটই নয়, বরং নাগরিকদের অভিযোগ, মতামত ও পরামর্শ গ্রহণেরও একটি খোলা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নির্বাচনের আগে প্রচারনার জন্য নির্বাচনী গানটি কুষ্টিয়া-৩ আসনের প্রতিটি স্থানে প্রচারনার মাধ্যমে জনগণের মধ্যে উৎসাহ দেখা দিবে। নির্বাচন একটি উৎসব।