মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দহকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লেজি বয়ের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মুস্তাক। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন প্রমূখ।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের পিঠা উৎসবের মাধ্যমে উদ্যোক্তা তৈরী হয়, ভালো পিঠা সম্পর্কে মানুষ জানতে পারে এবং কর্মসংস্থান বাড়ে। বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে শহরে, শহর থেকে দেশে এবং দেশ থেকে সারা বিশ্বে জানান দিতে পারে। ব্যাডমিন্টন খেলায় এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে। খেলায় অংশগ্রহণকারী ও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এদিকে ব্যাডমিন্টন খেলার পাশাপাশি আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের পিঠায় সাজানো হয় স্টলগুলো। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সকল বয়সের মানুষ পিঠা উৎসবে অংশ নেন। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন করা হয়েছে। এমন আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। ব্যাডমিন্টন ও পিঠা উৎসবকে ঘিরে দহকুলা গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে এবং মহান বিজয় দিবস উদযাপন একটি ভিন্নমাত্রা লাভ করে।