দৌলতপুর প্রতিনিধি || কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর ফুটানি বাজার এলাকায় এক ভ্যান চালকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম (৪৮) ওই এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই এলাকায় বিদ্যুৎ চলে গেলে বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে বের হয়ে যান। এ সুযোগে মুখোশধারী তিনজন ডাকাত দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে ঘরে প্রবেশ করে। সে সময় রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিফন খাতুন (৪২) নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন।
ডাকাতরা তার গলায় হাসুয়া ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা বাক্সের চাবি নিয়ে সেখানে রাখা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলে পরিবারের অন্য সদস্যরা ঘরে এসে নাসিফন খাতুনকে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী নাসিফন খাতুন বলেন, আমি শুয়ে ছিলাম। হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি হাসুয়া নিয়ে আমার গলায় ধরে। পরে তারা আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাক্সের চাবি নিয়ে নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
