বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
প্রশিক্ষক ছিলেন সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, পোলিং এজেন্টদের আইনগত অধিকার ও দায়িত্ব, ভোটকেন্দ্রে উপস্থিত থেকে অনিয়ম প্রতিরোধ, ব্যালট পেপার সংক্রান্ত বিষয়, ফলাফল ঘোষণার সময় করণীয়সহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে শান্ত ও সচেতনভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, সকল পোলিং এজেন্টকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচনার মাধ্যমে তার সমাধান দেওয়া হয়।
