ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে জেলা বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন প্রমূখ।

এছাড়া দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও সাংবাদিক নেতা আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া জেলা চালকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব সহ অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে ইফতার মাহফিলে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়াকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসের শিক্ষাকে ধারণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।