ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং অভিযান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখা এবং জনদুর্ভোগ হ্রাসে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভেড়ামারা উপজেলায় কলেজ বাজার, রেল বাজার, পৌর মার্কেট বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। গতকাল বুধবার (৪ মার্চ) বেশি দামে মুরগি বিক্রি করায় রাজিব মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসাথে সংশ্লিষ্টদের নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে সতর্ক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত টিম পৌর শহরের মুদি দোকান, মিষ্টি, খাবারের দোকান, মাছ, মাংস ও সবজির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালায়। এসময় ব্যবসায়ীদের দোকানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং তেলসহ কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অসাধু ব্যাবসায়িক তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা জানান, নিয়মিত মনিটরিং থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় বা পণ্য মজুদের মতো অনিয়ম করার সুযোগ পাবে না এবং বাজারে স্বস্তি বজায় থাকবে।