৭৬ কুষ্টিয়া ০২ আসনের নব-নির্বাচিত ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা সংবর্ধনা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভেড়ামারা সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল হালিম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ ভেড়ামারা উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব কামারুল আরেফিন এমপি বলেন-আমি ভেড়ামারা ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এমপি নির্বাচিত করার জন্য। আমি কথা দিয়েছিলাম আপনাদের লোক হতে চাই, তাই আপনারা কেউ আমাকে এমপি বা স্যার বলে ডাকবেননা, আমি কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই হয়েই থাকতে চাই। মুক্তিযোদ্ধাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে যাই। আপনারা আমাকে কামারুল বলে ডাকলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি।
আমি মনে করবো-আপনারা আমাকে সেই সম্মান করেছেন, যে সম্মান ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে লাল সবুজ পতাকা এনেছেন, আমাকে কামারুল বলে ডাকলে সারাজীবন মনে করবো যে, আপনারাই সেই জাতি,যে জাতি কখনো মাথানত করেনা। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি,যত বড় নেতৃত্বই আসুক, যতবড় শক্তিই আসুক, আমি কখবো এই মিরপুর ভেড়ামারাবাসীর সম্মানকে বিসর্জন হতে দেবনা। উন্নয়ন নিয়ে আমি আজ কথা বলতে চাইনা, ভেড়ামারা মিরপুরবাসী আমাকে সহযোগিতা করেছেন, সম্মান করেছেন, সেই সম্মানের ফসল আগামীকাল সকাল ১০টায় সংসদ ভবনের দরবার হলে আমার শপথ হবে। সেই শপথের মাধ্যম দিয়ে আমি আপনাদের ভাই কামারুল আরেফিন এমপি হবো।তার পরপরই আমি যখন ভেড়ামারায় আসবো, সেদিন আমি আমার প্রিয় নেতাকে সালাম জানিয়ে ভেড়ামারা মিরপুরে আসবো আমি।
সেদিন আপনারা আপনাদের মনের দাবি আমাকে জানাবেন।আপনাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে,আপনাদের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্য নিয়ে সেদিন আমি আমার প্রিয় নেতার কাছে আমি আবেদন করবো,আকুতি মিনতি করবো।যা কিছু আমি করবো,আমার প্রিয় নেতার মাধ্যমেই করবো।কুষ্টিয়াকে উনি যেমন মডেল করেছেন,ঠিক একই ভাবে মিরপুর ভেড়ামারার মানুষ কেউ উনি মডেল বানাবেন, এই আশ্বাস বিশ্বাসটুকু আপনারা আমার প্রতি রাখবেন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নসহ সমস্তকিছু আমি করবো। আমার নেতা কথা দিয়েছেন,আমি শপথ নেয়ার পরেই তিনি মিরপুর ভেড়ামারার আসবেন। তাই আমি আমার ইশতেহার হিসেবে যা বলেছি তা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবো।
