ভেড়ামারায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩০, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আমিরুল ইসলাম (৬৫) নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলশিক্ষকের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ ঘটনার পর শিক্ষক আমিরুলের দ্বিতীয় স্ত্রী তাছলিমা খাতুন ও ছেলে লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আমিরুল ইসলাম উপজেলার চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আট মাইল খাদেমপুর গ্রামের মৃত. আকমল হোসেনের ছেলে। নিহতের স্ত্রী তাছলিমা খাতুন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৯ জুন) রাত ৯টার দিকে স্কুল শিক্ষকের সঙ্গে তার স্ত্রীর বাকবিতন্ডা হয়। গতকাল শনিবার (২৯ জুন) ভোরে নিজ বাড়ি উপজেলার পৌর চাঁদগ্রাম ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ রেলগেট পাড়া রুমের মধ্যে থেকে শিক্ষক আমিরুলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে সকিবুল ইসলাম লিমন বলেন, ‘বাবার সাথে আমার সৎ মা’র নানা বিষয় নিয়ে রাতে কথা কাটকাটি হয়। একপর্যায়ে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় না। ভোর ৫টার সময় বাবার মোবাইল থেকে আমাকে জানায় সে মারা গেছে।

বাবার মৃত্যু খবর থানায় জানালে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এস আই আবু তাহের লাশের সূরতহাল রিপোর্ট লেখার সময় নিহত আমিরুলের গলায় পিলাস্টিকের রশি দিয়ে গলা বাঁধা ছিল ও আঙ্গুলের দারা শরীরে ক্ষত চিহ্ন দেখতে পাই।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের লাশ নিজ বাড়ি দক্ষিণ রেলগেট পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। শুনেছি স্বামী-স্ত্রীর রাতে ঝড়গা হয়েছে এবং ভোর রাতেই শিক্ষক আমিরুলের মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দ্বিতীয় স্ত্রী তাছলিমা ও তার ছেলে লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ময়নাতদন্তের পর এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।