জহিরুল কবীর নবীন \\ কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ ফিরোজ আলী ওরফে রবিন (২৬) নামের একজন মারা গেছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার সময়য় ভেড়ামারার ভিলকির পুল নামক স্থানে ৩৫০ মেগাওয়াট প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বামনপাড়া এলাকার মোঃ রমজান আলীর ছেলে। তিনি রুপপুর পারমানবিকে এসকেবেটর (ভেকু) চালক হিসাবে চাকরি করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পথচারী সূত্রে জানা যায়, অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকের আঘাতে রবিন মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন তাকে নিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২৯৭) ও ড্রাইভার জানু মিয়া (২৮) কে উপস্থিত লোকজন আটক করে থানায় ফোন দেয়। পরবর্তীতে তাকে থানা হেফাজতে নেওয়া হয় । ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন,”ঘাতক ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে। অভিযোগ দায়ের হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
