ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্রী শ্রী শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতের কোন সময় এই ঘটনা ঘটে। মন্দিরটি উপজেলার কুন্ডুপাড়া এলাকার শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির আঙ্গিনায় অবস্থিত। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব কুন্ডু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু বলেন, গত সোমবার বিকালে শ্রী শ্রী শিব মন্দিরের শিব লিঙ্গের উপরে অনুমানিক ১০ কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘন্টা ও এক কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘটিসহ লোহার তৈরি দুইটি চেইন দিয়ে স্থাপন করা হয়েছিল। মন্দিরের প্রবেশ গ্রিলের দরজায় থাকা দুইটি তালা ভেঙ্গে সেগুলো রাতের কোন সময় চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও মন্দিরের ভিতরের দেয়ালে রক্ষিত দানবাক্সও নিয়ে গেছে। গতকাল বুধবার সকালে মন্দিরের পুরোহিত গ্রিলের তালা ভাঙা দেখতে পেয়ে আমাদেরকে জানায়। সব মিলিয়ে ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বলেন, মন্দির এলাকায় বাউন্ডারি প্রাচীর না থাকায় সব পাশেই খোলামেলা। অরক্ষিত থাকার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছেন বলে আশ্বাস দিয়েছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে টিম কাজ করছে।
