ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা জোরদারে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে সদরের ১৩ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের অংশ গ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে, বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর একটি নির্বাচনের অপেক্ষায় ছিলাম। আর এই নির্বাচনে আমাদের সামনে সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। ব্যক্তিগত মতপার্থক্য, ক্ষুদ্র দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই নির্বাচন শুধু একটি প্রার্থীকে জয়ী করার জন্য নয়, বরং গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায় অধিকারের পক্ষে দাঁড়ানোর একটি সংগ্রাম। প্রতিটি ইউনিয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঘরে ঘরে যেতে হবে, ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

মাঠে যেসব প্রতিবন্ধকতা আসবে, তা ধৈর্য ও সংগঠনের শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। ঐক্য থাকলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা প্রতিটি ওয়ার্ডে টিম তৈরি করুন, দায়িত্ব বণ্টন করুন, নিয়মিত মাঠে থাকুন। জনগণ এখন পরিবর্তন চায়, আপনারা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা সঠিকভাবে নেতৃত্ব দিন। সবাই মিলে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। সভায় বক্তারা বলেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শে বিশ্বাসী তারা ধানের শীষের বাইরে থাকবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা চালাতে হবে।

তারা অভিযোগ করেন, মাঠে নেমেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তবুও জনগণের ব্যাপক সাড়া তাদেরকে উৎসাহিত করছে। নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ধানের শীষের প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করবেন। এজন্য ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ, প্রচার-লিফলেট বিতরণ, সব বয়সী ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।  মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম, কেন্দ্রভিত্তিক কমিটি শক্তিশালীকরণ ও গণসংযোগ কর্মসূচি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।