বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারনার শেষ দিনে কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনগণের শতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় পৌর বিএনপি নির্বাচনী জনসভার আয়োজন করেন। এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি। এতে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহধর্মিণী লিনা জাকির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আজ এই জনসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, এ দেশের মানুষ আর অন্যায়, দুঃশাসন ও ভোটাধিকার হরণ মেনে নেবে না। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক। তিনি বলেন, একসময় এই দেশ পরিচালিত হতো জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে। কিন্তু বিগত ১৭ টি বছর সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি আর দমন-পীড়নে মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষে রায় দিতে হবে। এদিকে কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাই ভয় নয়, মাথা উঁচু করে ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন।
আপনাদের এই ঐক্যই আমাদের শক্তি, আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন বলেন, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়; এটি এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে আমি সংসদে শুধু একজন এমপি হব না, হব আপনাদের কণ্ঠস্বর। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এসবই হবে আমার প্রধান অগ্রাধিকার। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন।
