ভবিষ্যতে তোমরাই হবে দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকাশক্তি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভবিষ্যতে তোমরাই হবে দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকাশক্তি: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের জিয়ারখী ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ৯টার দিকে কমলাপুর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদরুল আলম,

জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য সামছদ্দিন মাষ্টার, জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ মোল্লাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- কর্মচারী ও অভিভাবকবৃন্দ। এতে সার্বিক পরিচালনা করেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ আলম। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন আছে।

এতে মেধার বিকাশ ঘটে। ক্রীড়া শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা, ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য শিক্ষা। মাঠে যে শিক্ষা অর্জিত হয়, তা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। খেলায় জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হলো অংশগ্রহণ, সততা এবং দলগত চেতনা। পরাজিত হয়েও শিক্ষা গ্রহণ করা যায়। নিজের প্রতিভা কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তোমরা যারা আজ মাঠে প্রতিযোগিতায় অংশ নিচ্ছো, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের মাঝে থেকেই কেউ হবে ভবিষ্যতের ক্রীড়াবিদ, কেউ শিক্ষক, কেউ প্রশাসক, কেউবা দেশের সেবায় নিয়োজিত নেতা হবে।

ভবিষ্যতে তোমরাই হবে দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকাশক্তি। যারা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে সর্বচ্চ সহযোগিতা থাকবে। আপনারা জানেন বিগত সময়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি। আগামী দিনে শিক্ষার মানোন্নয়, বিদ্যালয়ের অবকাঠামো মেরামতে উন্নয়ন করতে সর্বদা সচেষ্ট থাকবো। এছাড়া প্রধান শিক্ষক বদরুল আলম বলেন,  প্রতিবছরের ন্যায় এ বছরেও আনুষ্ঠানিক ভাবে সুন্দর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে অনুষ্ঠানের শুরু থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, বস্তা দৌড়, মোরগ লড়াই ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।