বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সংলগ্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোর্ট স্টেশন এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজ সংলগ্ন দোকান মালিক সমিতি সভাপতি মেজবাউর রহমান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুনসহ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অংশগ্রহণ করেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা ধারণ করাই রমজানের মূল বার্তা। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। আপনারাই বাজার সচল রাখেন, কর্মসংস্থান সৃষ্টি করেন এবং সমাজের চাকা ঘুরিয়ে রাখেন। তাই আপনাদের দায়িত্ব শুধু ব্যবসা পরিচালনা নয়, ন্যায়নীতি, সততা ও মানবিক মূল্যবোধ রক্ষা করাও। বিশেষ করে এই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সততা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মানসিকতা জোরদারের আহ্বান জানান।
এদিকে কলেজ সংলগ্ন দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানান, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতেই এ আয়োজন। ভবিষ্যতেও সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইফতার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এতে ব্যবসায়ী সমাজের মধ্যে সম্প্রীতি আরও জোরদার হবে।
