এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সামরিক সরকার এরশাদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া দলের হাল ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে দেশের হারানো গনতন্ত্র পুনরূদ্ধার করেছিলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া চালু করেছিলেন।
আওয়ামী সরকার আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাগরিকের ভোটের অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছিল। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁকে মিথ্যা মামলায় জেলে রেখে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি। দেশের এই মহিয়সি, ত্যাগী গণতন্ত্রকামী নেত্রী আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন, আপনারা সকলেই দেশনেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আজমল হোসেন।
