বেগম জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় ইবি ছাত্রদলের দোয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বেগম জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় ইবি ছাত্রদলের দোয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে ভবিষ্যতে দেশের কল্যাণ কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানক বলেন, কিছুদিন পূর্বেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনসঙ্গী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই দোয়া করি। দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতনের সময় পেরিয়ে মহান আল্লাহ আমাদের বিজয় দান করেছেন এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আগামীর প্রধানমন্ত্রী  তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।