বৃদ্ধ দম্পতির সংসারের চাকা ঘুরালো প্রবাসী-ইউএনও - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বৃদ্ধ দম্পতির সংসারের চাকা ঘুরালো প্রবাসী-ইউএনও

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৭, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরির ঘটনায় অসহায় বৃদ্ধ দম্পতিকে একটি নতুন ভ্যান তৈরি করে দিলেন আমেরিকান (ইউএসএ) প্রবাসীরা ও ইউএনও। উপজেলা প্রশাসনের মাধ্যমে বৃদ্ধ চালকের কাছে ভ্যানটি হস্তান্তর করেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। ভ্যান তৈরিতে খরচ লেগেছে প্রায় ৬০ হাজার টাকা। ভুক্তভোগী দম্পতি হলেন মনোব্বর শেখ (৬৫) ও ছকিনা খাতুন (৫৪)। তারা কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা। নতুন ভ্যান পেয়ে খুশি ওই বৃদ্ধ দম্পতি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারী ভোরে নিজ বাড়ি থেকে বৃদ্ধের ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান না পেয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে স্ত্রী, দুই ছেলে, নাতিসহ ছয় সদস্যের পরিবার মানবেতর জীবনযাপন করছিল। এ নিয়ে সম্প্রতি একটি প্রথম শ্রেণির জনপ্রিয় জাতীয় গণমাধ্যমে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ইউএসএ প্রবাসী শাহেদের নজরে আসে। এরপর ২৭ ফেব্রুয়ারী তিনি অনলাইনে উপজেলা প্রশাসনের সহায়তায় নগদ ৪৮ হাজার টাকা বিকাশ পাঠান। তার সঙ্গে আরো ১০ হাজার টাকা যোগ করে ৫৮ হাজার টাকা দিয়ে একটি নতুন ভ্যান তৈরি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তৈরিকৃত ভ্যানটি বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বৃদ্ধের কাছে হস্তান্তর করা হয়। ইউএনও ও প্রবাসীদের আর্থিক সহায়তা পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি। আবেগ আপ্লুত হয়ে পড়েন মনোব্বর শেখের স্ত্রী ছকিনা খাতুন। তিনি বলেন, নেটে (অনলাইন) খবর হওয়ার পর বিদেশ থেকে প্রথমে একজন ১৮ হাজার টাকা পাঠায়ছে। রাতে আরও ৩১ হাজার টাকা দিছে। নতুন ভ্যান বানায়ছে। এতেই আমরা খুব খুশি।

চালক মনোব্বর শেখ বলেন, শরীরে হাঁপানী, এ্যাজমা, শ্বাঃসকষ্টসহ নানান রোগ। তবুও দুই বেলা দুই মুঠো ভাতের জন্য ভ্যানডা চালাতি হয়। ভ্যান হারিয়ে কিছুদিন পাগলের মতো বেড়ায়ছি। এত তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা হবে ভাবতিই পারিনি। শাহেদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ভাল করেন। ফোনে প্রবাসী শাহেদ পরিচয় প্রকাশ না করা শর্তে বলেন, আমরা তো বাইরে থাকি। ওই ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনা। তাই অনলাইন পত্রিকায় পড়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। তাঁর ভাষ্য, অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। প্রবাসী সাহেদসহ তার স্বজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গ্রামের সবচেয়ে অসহায় ও রোগী মানুষ মনোব্বর। ভ্যান চুরির পর মানবেতর জীবন কাটাচ্ছিল। প্রবাসী ও ইউএনও স্যারের মাধ্যমে নতুন ভ্যান পেয়ে খুশি সকলেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, অনলাইনে খবর প্রকাশের পর একজন প্রবাসী প্রায় ৪৮ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেছেন। তার সঙ্গে আরো কিছু টাকা যোগ করে বৃদ্ধকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।