কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার উদ্যোগে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া শহরস্থ দবির মোল্লার গেট থেকে এ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর,জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার, সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে, কুষ্টিয়ায় জামায়াতের শান্তিপূর্ণ মিছিল থেকে ৫জন নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে জেলা শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা করা হয়। তার আলোকে রবিবার সকালে কুষ্টিয়া লাহিনী বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিল শেষে ঘটনা স্থান থেকে পুলিশ-প্রশাসন ৫ জন জামায়াত কর্মীকে আটক করে। এছাড়াও শনিবার কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় রাতভর বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে আরো ৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। রোববার (৩০ জুলাই) এ বিষয়ে তিনি এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার দীর্ঘ ১৫ বছর যাবত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। সরকার কোনো দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। সরকার জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। অতীতে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে জনগণের ন্যায় সংগত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ।
গণতন্ত্র হরণকারী এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
