বিএনপি নেতার হস্তক্ষেপে অবৈধ স্থাপনা অপসারণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি নেতার হস্তক্ষেপে অবৈধ স্থাপনা অপসারণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের ২য় গেট সংলগ্ন সরকারি জায়গা দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতার হস্তক্ষেপে নির্মিত স্থাপনাটি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পরপরই অভিযুক্ত মানিক হোসেন ওরফে নেনু কসাই জানান, স্থাপনাটি কে বা কাহারা করেছে আমার জানা নেই। তবে আমি ঐ এলাকায় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বিষয়টি অনেকেই আমার দিকে ইশারা করছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

বিষয়টি আমার দৃষ্টিতে আসার পরে আমি নিজে উপস্থিত থেকে সিমেন্টের খুঁটি, বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত অস্থায়ী দোকানঘরটি অপসারণ করিয়েছি। এর আগে এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় ১শ’ স্কয়ার ফিট সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়। জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ করেই নির্মাণকাজ শুরু হলেও কয়েকদিন পর তা বন্ধ হয়ে যায়। তবে স্থাপনাটি রেখে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পর দ্রুত স্থাপনা অপসারণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ায় প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে সরকারি জমি দখলের এমন চেষ্টা আর না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানান তারা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, গণমাধ্যমের এবং স্থানীয় বিএনপি নেতা কর্মিদের সমন্বিত ভূমিকার ফলে সরকারি সম্পত্তি রক্ষায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।