বিএনপির নেতার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপির নেতার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৮, ২০২৬

হেলাল মজুমদার, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে সন্ত্রাসীদের বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাশের একটি চায়ের দোকানের মালিক শুকুর আলী (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল শনিবার (রাত ৯টার দিকে) ভেড়ামারা পৌর এলাকার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে চারজন অজ্ঞাত ব্যক্তি হেলমেট ও মুখ ঢাকা অবস্থায় মোটরসাইকেলে করে উত্তর দিক থেকে এসে প্রথমে একটি হাতবোমা নিক্ষেপ করে।

পরে তারা পিস্তল ও শর্টগান দিয়ে প্রায় ১৪-১৫ রাউন্ড গুলি ছুড়ে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে। এ সময় পাশের চায়ের দোকানে থাকা শুকুর আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দক্ষিণ রেলগেটে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে হিসাব-নিকাশের কাজ করছিলেন। এ সময় বাইরে থেকে সন্ত্রাসীরা তার অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও ১৪-১৫ রাউন্ড গুলি ছোড়ে। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি, কারণ তাদের সবার মুখ ঢাকা ছিল এবং একজন হেলমেট পরা ছিল। পরে তিনি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কারা এলোপাতাড়ি গুলি করেছে এ খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, দক্ষিণ রেলগেট এলাকায় বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।