বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫

শিক্ষা শুধু ডিগ্রি নয়-শিক্ষা মানুষকে মানুষ বানায়: প্রকৌশলী জাকির হোসেন সরকার

 

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার মান উন্নয়ন ও পাঠদানে আধুনিক পদ্ধতি ব্যবহারের লক্ষ্যে কুষ্টিয়া বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। গতকাল সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি, নিয়মিত ক্লাস গ্রহণ, পাঠদানের কৌশল ও ফলাফল উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তোমারা যারা শিক্ষার্থী তারাই এ দেশের ভবিষ্যৎ, আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতেই। শুধু বই মুখস্থ করলেই চলবে না প্রয়োজন সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং নৈতিক মূল্যবোধ। শিক্ষা ব্যবস্থাকে সময়ের সাথে আধুনিক করতে হবে, যাতে তোমরা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারো। তোমাদের স্বপ্ন পূরণে আমরা সবসময় পাশে আছি এবং থেকেও যাবো। শিক্ষা শুধু ডিগ্রি নয় শিক্ষা মানুষকে মানুষ বানায়, সমাজকে আলোকিত করে, দেশকে এগিয়ে নেয়। তোমরাই পরিবর্তনের শক্তি। তোমাদের জ্ঞান, মেধা ও সাহসই আগামী বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। সে লক্ষ্যে সু-শৃঙ্খলভাবে পরিচ্ছন্নতার সাথে পাঠদানে নিজেকে প্রস্তুত করতে হবে।

এছাড়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন বলেন, “আপনাদের লক্ষ্য শুধু পাশ করানো নয়, বরং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করতে হবে। এজন্য শিক্ষকরা নিয়মিত পাঠদানে নতুন নতুন কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। তিনি আরো বলেন, কুষ্টিয়াকে আধুনিকায়ন করতে প্রকৌশলী জাকির হোসেন সরকার যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন হলে কুষ্টিয়াবাসীর আর কোন ভোগান্তি থাকবে না। তাই দেশের উন্নয়নের পাশাপাশি, কুষ্টিয়ার উন্নয়নে এবারের নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। শিক্ষকরাও তাদের মতামত তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার, গ্রুপ ওয়ার্ক, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।

সভা শেষে শিক্ষার মান আরও উন্নত করতে সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে তুলে ধরেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জবাবে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনারা সকলে অবগত আছেন বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকার এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছিলো। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দিনের ভোট রাতে কায়েম করেছে। তাদের অত্যাচার নির্যাচতনের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলো।

ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনে ফ্যাসিস শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়েছে। সেদিনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতাকর্মী বড় ভূমিকা পালন করেছিলো। আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হবে।