খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রতি কেন্দ্রেই সংখ্যালঘু ও নারী ভোটারের বিপুল উপস্থিতি দেখা গেছে। প্রথম তিন ঘণ্টায় খোকসার ৭-৮ শতাংশ ভোট পোস্ট হয়েছে বলে একাধিক কেন্দ্রের পোলিং অফিসার সূত্র জানা গেছে। শিশু সন্তান নিয়ে শোমসপুর মাধ্যামক বিদ্যালয় কেন্দ্রে অন্যদের সঙ্গে ভোট দিয়ে ফিরছিলেন আদিবাসী গৃহবধূ নমিতা রানী। কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরে খুশি তিনি।
উপজেলার পাইকপাড়া মির্জাপুর ও মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান হয়ে যায়। পাইকপাড়া মির্জাপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আল মাসুম জানান, কেন্দ্রের বাইরে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে সমাধান হয়ে গেছে। এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর আওতায় দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
