বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়ার যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মোট ১৬০ জন উপকারভোগীর হাতে চেক তুলে দেন।
মানবিক এই সহায়তার আওতায় ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি নিয়োজিত এই শ্রমিক ভাই-বোনদের যেকোনো বিপদে পাশে দাঁড়াতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ তারিখের এই অনুষ্ঠানে চেক হাতে পেয়ে অনেক শ্রমিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জানান, এই অর্থ তাঁদের পরিবারের সংকটকালীন সময়ে বড় ধরণের সহায়ক হবে।
