ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে এক আন্তরিক ও স্মরণীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের সভাপতি ফিরোজ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিনারের সঞ্চালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা দীর্ঘদিন পর বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এমন আয়োজন পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সহপাঠীদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ইফতারের পর অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই বন্ধন অটুট রাখার অঙ্গীকার করেন।