নিজ সংবাদ ॥ অবসরপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর মতিয়ার রহমানের স্ত্রী ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কুষ্টিয়ার সংবাদের প্রকাশক-সম্পাদক মিজানুর রহমান লাকীর মাতা ফরিদা ইয়াসমিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লা…..রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী ও এক পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত বৃহস্পতিবার (১৪) দুপুরে পূর্ব মজমপুর ডিসি কোর্টের সামনে নিজ বাসভবনে ফরিদা ইয়াসমিন অসুস্থ্য হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সনো হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মরহুমার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মান্নান হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বাদ আছর সাদ্দাম বাজার জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে তাঁকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্ব্যর সংবাদ ছড়িয়ে পড়লে পূর্ব মজমপুরের বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন পরিবারকে সমবেদনা জানাতে। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এম লিটন-উজ জামান, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মানজিয়ার রহমান চঞ্চল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা প্রমূখ। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কুষ্টিয়ার সংবাদের প্রকাশক-সম্পাদক মিজানুর রহমান লাকীর মাতা ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তারা উল্লেখ করেন, ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে পরিবার একজন পরমমতাময়ী মাতাকে হারালো যা কোন দিন পুরণীয় নয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে দোয়া চেয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
