পোড়াদহ ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পোড়াদহ ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়। গতকাল রবিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে পোড়াদহ ইউনিয়নে চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এসময় পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শুভ উদ্বোধন করেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা  আরজিনা পারভীন। তদারকি করেন ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা সাবু বিন ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, এ ইউনিয়নে ১৭৫০ জন ভুক্তভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

চাল বিতরণের সময় তিন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সার্বিক কাজে সহায়তা করেন ইউনিয়নের সকল ইউপি সদস্য,  গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। এসময় পোড়াদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরজিনা পারভীন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। তিনি আরো বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। বিশেষ করে উৎসব ও দুর্যোগের সময় এসব খাদ্য সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে। ভুক্তভোগীরা ১০ কেজি চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এদিকে উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি এই সহায়তা তাদের জন্য অনেক উপকারী। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন জানায়, স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।