পাটিকাবাড়ীতে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খেজুরতলা ও ২ নং ওয়ার্ড ডাবিরাভিটা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল। সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, পাটিকাবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবু দাউদ এর সার্বিক নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এই মিছিলে প্রায় সহস্রাধীক সমর্থক যোগ দেন এবং পুরো গ্রামটি ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে একতাবদ্ধভাবে স্লোগান দেন এবং তাদের প্রিয় প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে জয়ী করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। মিছিলটি খেজুরতলা ও ডাবিরাভিটা গ্রামের প্রধান সড়ক ধরে চলে এবং এলাকাবাসীকে তাদের রাজনৈতিক শক্তির বার্তা দেয়।

মিছিল শেষে আবু দাউদ বলেন, “এই মিছিলের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম যে, জনগণের আস্থা আমাদের উপর রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি, ধানের শীষের জয়ের মাধ্যমে আমরা কুষ্টিয়ার উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিতে পারব।” ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ জোয়াদ্দার জানান, তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার জন্য একযোগে কাজ করবেন এবং এই মিছিলের মাধ্যমে এলাকার জনগণের সমর্থন লাভ করেছেন বলে দাবি করেন। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাহেব বলেন, “আমরা বিশ্বাস করি ধানের শীষের নেতৃত্বে আমাদের এলাকার উন্নয়ন হবে। ধানের শীষই পারে আমাদের জীবনমান উন্নত করতে।” নির্বাচনী এই মিছিলটি পাটিকাবাড়ী ইউনিয়নের ৩নং ও ২নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ ভোটারদের চাঙ্গা করেছে এবং এলাকায় নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিমত ব্যক্ত করেন ধানের শীষের সমর্থকেরা।