খোকসার আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ, পরীক্ষা স্থগিত
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৭নং গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে পরীক্ষা স্থগিত হয়েছে।

খোকসার আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ, পরীক্ষা স্থগিত
আদালতের নোটিশ সূত্রে জানাযায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগে মরিয়া হয়ে উঠেন ম্যানেজিং কমিটির একটি কুচক্রী মহল। অবৈধ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাণিজ্যের কথা ছড়িয়ে পড়লে এলাকায় এ নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
জানাগেছে সহকারি প্রধান শিক্ষক নিয়োগের ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালত থেকে গত ১ জুন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের (মামলা নং-৬১/২০২৩) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আত্তাফ হোসেন বলেন, নিয়োগ পরীক্ষার বিষয নিয়ে কোন আলোচনা হয়নি, তারা আমার সই জাল করে সকল ধরনের কার্যকলাপ চালিয়েছে, তাই আমি আদালতে শরণাপন্ন হয়েছি।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন পরীক্ষার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। নিয়োগ পরীক্ষায় ২২ জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছে যাচাই-বাছাই করে ৬ জন প্রার্থীর আবেদন ভুল থাকায় বাতিল করা হয়। ১৬ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে তিনি জানান।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরীক্ষা কবে হবে, কোন জায়গায় হবে এমন কোন সঠিক সময় তিনি বলতে পারেন নাই। এবং নিয়োগের বিষয়ে কোন রেজুলেশন তার কাছে নেই, তিনি তোপের মুখে পড়ে বলেন নিয়োগ পরীক্ষার সকল ফাইল পত্র আমার এক সহকারী শিক্ষকের কাছে দেওয়া আছে। তবে কার কাছে কাগজপত্র রয়েছে ও কাদের যোগসাজসে এরকম হচ্ছে তা তিনি বলতে রাজি হননি।
তবে এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন পরীক্ষা যথা সময়ে এ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আদালতের আদেশ তোয়াক্কা না করে ম্যানেজিং কমিটির কিছু কুচক্রী সদস্য সুকৌশলে অতি গোপনে গত ২ জুন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রার্থীকে সকাল ৯টার দিকে ডেকে নিয়ে যায় এবং গোপনীয়ভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক পালিয়ে যায়।
পরবর্তীতে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন সকল পরীক্ষার্থীদের নিয়ে বলেন কিছু সমস্যা থাকার কারনে পরীক্ষা স্থগিত করা হলো। তবে সকল সমস্যা সমাধানের পর স্কুলেই এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান।

পরীক্ষার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন পরীক্ষার বিষয়ে সবকিছু জানেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এ বিষয়ে কোন কথা বলতে পারব না । তবে রবিবারে আপনি আমার অফিসে আসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি এখন গাড়ির উপর রয়েছি পরে কথা বলছি। পরে একাধিকবার তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
