আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, নির্বাচিত হলে আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। আমি কোন প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবো না বা যোগাযোগ রক্ষা করবো না।

তিনি বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো। আমি সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো। তণু বলেন, আমি কুষ্টিয়া সদরের সন্তান, কুষ্টিয়া শহরেই আমার জন্ম। অনেক সুযোগ থাকা সত্বেও আমি কুষ্টিয়া ছেড়ে যায়নি। পিতার মতো আমিও কুষ্টিয়ার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে এ সুযোগ আপনারাই আমাকে করে দিতে পারেন। তণু বলেন, কুষ্টিয়া সদরের উন্নয়নে এখনও অনেক কাজ বাকী রয়েছে। নির্বাচিত হলে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করার সুযোগ আমার আছে। আপনারা দলমত নির্বিশেষে আমাকে নির্বাচিত করে কুষ্টিয়া সদরের উন্নয়ন কাজ সম্পন্ন করার সুযোগ দিন। গতকাল দিনব্যাপি কুষ্টিয়া শহরও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়েনির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি পৌর ১৩নং ওয়ার্ডের সাহাপাড়া মোড়, হাজীর মোড়, ২০নং ওয়ার্ডের কুমারগাড়ায় এবং সদর উপজেলার হরিনারায়নপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন।
