নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত দুদিনের সাধারণ ছুটির বাইরেও সাপ্তাহিক ছুটি এবং প্রশাসনের পক্ষ থেকে আরো একদিন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ বুধ ও বৃহস্পতিবার ০২ (দুই) দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগে সুবিধার লক্ষ্যে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায়, ১০ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীনসহ সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। তবে, নির্বাচন উপলক্ষে এই বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (আইসিটি সেল, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিরাপত্তা প্রহরীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।