নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে-যা এখন পর্যন্ত হয়নি: মুফতি আমির হামজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে-যা এখন পর্যন্ত হয়নি: মুফতি আমির হামজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, যা এখন পর্যন্ত হয়নি। কি হবে জানি না। তবে আশাকরি ২২ জানুয়ারির পর শতভাগ ঠিক হয়ে যাবে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) বেলা বারোটার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুফতি আমির হামজা বলেন, বিভিন্ন জায়গাতে যে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করবো মন মতো হবে। তিনি বলেন, প্রত্যেক প্রার্থী ও দলের লোকজন নির্বাচন অফিসের নির্দেশনা মেনে চললে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে শঙ্কা জানিয়ে জামায়াতের প্রার্থী আমির হামজা বলেন, আপনারা জানেন কুষ্টিয়া সদর থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল।

সেসময় থানার অস্ত্র লুট হয়ে যাওয়ার কারণে আমরা আতঙ্কে আছি। তিনি আরো বলেন,অস্ত্রগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। লুট হওয়া অস্ত্র তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। এছাড়া সীমান্তে অস্ত্র আসাসহ অন্যান্য বিষয়গুলো বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাতিল হওয়া বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।